খালিয়াজুরীত ইয়াবাসহ যুবক আটক

স্থানীয়দের মাধ্যমে পাওয়া কয়েকজনের নামের তালিকাসহ উজ্জ্বলকে মামলার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খালিয়াজুরী থানায় পাঠানো হয়।

Location :

Netrokona
আটক উজ্জ্বল মিয়া
আটক উজ্জ্বল মিয়া |নয়া দিগন্ত

খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার খালিয়াজুরীতে ইয়াবাসহ উজ্জ্বল মিয়া (২২) নামে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টা ৪০ মিনিটের দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া লংকাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, লংকাপাড়া এলাকার কাজল মিয়ার ছেলে উজ্জ্বল মিয়াকে ইয়াবাসহ আটক করেন স্থানীয় কয়েকজন। পরে তাকে লেপসিয়া পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এবং পুলিশের কাছে সোপর্দ করা হয়। স্থানীয়দের দাবি, আটকের পর উজ্জ্বলের কাছ থেকে মাদক সরবরাহের সাথে জড়িত কয়েকজনের নাম জানা গেছে। তাদের মধ্যে চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল ইসলাম, স্থানীয় কাইয়ুম ও কিরণের নাম রয়েছে বলে দাবি করেন তারা। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

স্থানীয়রা আরো অভিযোগ করেন, উজ্জ্বলকে পুলিশ ফাঁড়িতে হস্তান্তরের সময় মাদকবিরোধী স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলে কয়েকজনের নাম উল্লেখ করা হলে আমিরুল ইসলাম ও তার লোকজন এতে বাধা দেন এবং হুমকি-ধমকি দেন বলে অভিযোগ রয়েছে। পরে বিক্ষোভকারীদের তোপের মুখে সেখান থেকে সরে যেতে বাধ্য হন আমীরুলের লোকজন।

লেপসিয়া বাজারের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুল ওয়াদুদ বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে পাওয়া কয়েকজনের নামের তালিকাসহ উজ্জ্বলকে মামলার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য খালিয়াজুরী থানায় পাঠানো হয়।’

চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আমিরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে খালিয়াজুরী উপজেলা যুবদলের আহ্বায়ক মো: এনামুল হক ছোটন বলেন, ‘আমি বর্তমানে এলাকার বাইরে আছি। তবে চাকুয়া ইউনিয়ন যুবদলের সভাপতির নাম মাদকসংক্রান্ত ঘটনায় এসেছে বলে শুনেছি। বিষয়টি তদন্ত করে দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়া হবে।’

স্থানীয়দের অভিযোগ, কিরণ মিয়ার মাধ্যমে এলাকায় ইয়াবা সরবরাহ করা হয়। আমিরুল ইসলামের সাথে তার যোগসাজশ রয়েছে বলেও অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক উজ্জ্বল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।’