নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আশরাফি আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার খাগকান্দা ইউনিয়নের শম্ভুপুরা গ্রামে পরিবারের সদস্যদের সাথে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আশরাফি শম্ভুপুরা গ্রামের আফজাল হোসেনের মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, শুক্রবার বাড়িতে তাদের বাড়িতে এক আত্মীয়ের সুন্নতে খাৎনা উপলক্ষে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানে আসা স্বজনদের সাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় আশরাফি। সবাই একসাথে গোসল করলেও একপর্যায়ে আশরাফিকে আর দেখা যায়নি। কখন সে পানিতে ডুবে যায়, তা কেউ টের পাননি। পরে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। প্রায় দুই ঘণ্টা খোঁজাখুঁজির পর পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।
পরে শিশু আশরাফিকে দ্রুত আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সুমন দাস তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক সুমন দাস জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।



