সিলেটে হামের প্রকোপে গত ২৪ ঘণ্টায় কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও পরিস্থিতির উন্নতি নেই। মৃত্যুহীন দিনে নতুন করে ১৪৬ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে নতুন কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। এনিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ৪৮৪ জন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ১৪৬ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬৮ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬২ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন রয়েছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৪৮৪ জন সন্দেহজনক হাম রোগীর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮০ জন, ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৭০ জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট মেডিক্যাল হাসপাতালে তিনজন, পার্কভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ জন, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আটজন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১২ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৮ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে সাতজন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৮ জন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা এক হাজার ৩১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন কোনো নিশ্চিত রোগী শনাক্ত না হওয়ায় এ সংখ্যা অপরিবর্তিত রয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন কারও মৃত্যু হয়নি। ফলে চলতি বছরে হাম ও উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১৫৫ জনে অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম রোগে ১৪৫ জন এবং নিশ্চিত হাম রোগে ১০ জনের মৃত্যু হয়েছে।
জেলাভিত্তিক হিসাবে এ পর্যন্ত সিলেটে ৬২, সুনামগঞ্জে ৫৯, হবিগঞ্জে ২১ এবং মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।
একদিনে নতুন করে ১৪৬ জনের হাসপাতালে ভর্তি এবং ৪৮৪ জনের চিকিৎসাধীন থাকার তথ্য বলছে, মৃত্যুহীন দিন এলেও সিলেটের হাম পরিস্থিতি এখনো স্বস্তিদায়ক পর্যায়ে আসেনি।



