বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিকল্প ইঞ্জিন (রিলিফ ট্রেন) পাঠানো হয়েছে। দ্রুত বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যে পাঠানোর চেষ্টা চলছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
ট্রেনের ইঞ্জিনে আগুন, অপেক্ষারত যাত্রীরা
ট্রেনের ইঞ্জিনে আগুন, অপেক্ষারত যাত্রীরা |নয়া দিগন্ত

ময়মনসিংহে আবারো ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিজয় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সোমবার (১৫ জুন) সন্ধ্যা পৌনে ৬টার দিকে আঠারবাড়ী স্টেশনসংলগ্ন এলাকায় জামালপুরগামী বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে হঠাৎ আগুন লাগে। আগুন থেকে ধোঁয়া ছড়িয়ে পড়লে মুহূর্তেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। রাত ৮টা পর্যন্ত ট্রেনটি সচল করা সম্ভব হয়নি।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, আঠারবাড়ী এলাকায় পৌঁছানোর পরপরই ইঞ্জিনে আগুন ধরে। পরে তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেয়া হয়।

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বিকল্প ইঞ্জিন (রিলিফ ট্রেন) পাঠানো হয়েছে। দ্রুত বিকল্প ইঞ্জিন সংযুক্ত করে ট্রেনটি গন্তব্যে পাঠানোর চেষ্টা চলছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

এদিকে রেলওয়ের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এর আগে, একই দিন দুপুরে গফরগাঁও উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ী বাজার এলাকায় আরেকটি ট্রেন দুর্ঘটনার ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেসের ইঞ্জিনের হুক ছিঁড়ে গেলে প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

একই দিনে পরপর দু’টি ঘটনায় রেলওয়ের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। যাত্রীদের ভোগান্তি যেন এখন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে।