বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে ভোগান্তি, সিলেট জামায়াতের উদ্বেগ

সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেন মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet

বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন প্রক্রিয়ার কারণে গ্রাহকদের ভোগান্তি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছে সিলেট মহানগর জামায়াতে ইসলামী। একই সাথে এ সমস্যা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (৮ জুন) সিলেট মহানগর জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেন মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল এবং সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিদ্যুতের বিল বৃদ্ধির পর প্রিপেইড মিটার রিচার্জ করতে গ্রাহকদের দীর্ঘ টোকেন নম্বর ব্যবহার করতে হচ্ছে। এতে অনেক গ্রাহক বারবার চেষ্টা করেও রিচার্জ সম্পন্ন করতে পারছেন না। টোকেন ব্যবহারে জটিলতার কারণে অনেক ক্ষেত্রে মিটার লক হয়ে যাচ্ছে, ফলে গ্রাহকদের অতিরিক্ত ভোগান্তি ও ব্যয়ের মুখে পড়তে হচ্ছে।

তারা অভিযোগ করেন, প্রযুক্তিনির্ভর এ সময়ে আধুনিক ও সহজ ব্যবস্থার পরিবর্তে জটিল প্রক্রিয়া চালু থাকায় সাধারণ গ্রাহকরা হয়রানির শিকার হচ্ছেন। এ পরিস্থিতিতে কার্যকর হেল্পলাইন ও গ্রাহকসেবা জোরদারের প্রয়োজন থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পর্যাপ্ত উদ্যোগ দেখা যাচ্ছে না।

নেতৃবৃন্দ দ্রুত এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকার ও বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।