দেওয়ানগঞ্জে পৃথক ঘটনায় সাপের দংশনে ২ জনের মৃত্যু

বুধবার দুপুরে নিজ আখক্ষেতে স্ত্রীসহ কাজ করছিলেন কৃষক আব্দুস ছামাদ। এ সময় হঠাৎ তার পায়ে একটি বিষাক্ত সাপ দংশন করে। পরে যন্ত্রণা শুরু হলে তিনি বাড়িতে যান।

খাদেমুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর)

Location :

Dewanganj
সাপের দংশনে ২ জনের মৃত্যু
সাপের দংশনে ২ জনের মৃত্যু |প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় বিষাক্ত সাপের দংশনে আব্দুস ছামাদ (৫০) ও আঞ্জুরা বেগম (৪০) নামে দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) রাতে ও দুপুরে উপজেলার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে।

উপজেলার চিকাজানী ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) ও স্থানীয় বাসিন্দা মো: সোনা মিয়া, শাহাজাহান সরকারসহ আরো কয়েকজন জানান, বুধবার রাতে আঞ্জুরা বেগম রান্নাঘরে খড় আনতে গেলে বিষাক্ত সাপের দংশনে আহত হন। পরে তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

নিহত আঞ্জুরা বেগম উপজেলার চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ী চর মাগুরী হাট গ্রামের মো: জয়নাল আবেদীনের স্ত্রী।

তারা আরো জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

অপরদিকে দেওয়ানগঞ্জ উপজেলার সদর দেওয়ানগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গামারিয়া গ্রামে সাপের দংশনে আব্দুস ছামাদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে আখক্ষেতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস ছামাদ দেওয়ানগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গামারিয়া গ্রামের জব্বার আলীর ছেলে ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বার) মো: আবুল বাশারের বড় ভাই।

জানা যায়, বুধবার দুপুরে নিজ আখক্ষেতে স্ত্রীসহ কাজ করছিলেন কৃষক আব্দুস ছামাদ। এ সময় হঠাৎ তার পায়ে একটি বিষাক্ত সাপ দংশন করে। পরে যন্ত্রণা শুরু হলে তিনি বাড়িতে যান। সেখানে থেকে তাকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উচ্চতর চিকিৎসার জন্য তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

নিহত আব্দুস ছামাদের ভাতিজা ইউসুফ আলী জানান, জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তির প্রক্রিয়া চলাকালে তার চাচা মারা যান।