সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরবাড়ি এলাকায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে ‘বিরাহিমপুর টাউন সাব-পোস্ট অফিস’-এর কার্যক্রম।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে ডাকঘরটির নবযাত্রা উদ্বোধন করেন সিলেট বিভাগীয় ডাকঘরের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল (ডিপিএমজি) সুজিত চক্রবর্তী। এ সময় ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ডা. জোবাইদা রহমানের পরিবারের সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিপিএমজি সুজিত চক্রবর্তী বলেন, তারেক রহমানের শ্বশুর মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খাঁনের দাদা খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী জীবদ্দশায় ডাক বিভাগের জন্য ১৬ শতক জমি দান করেছিলেন। ওই জমিতে একটি শাখা ডাকঘর প্রতিষ্ঠা করা হয়। তবে ভবনটি পরিত্যক্ত হয়ে পড়ায় ২০১৩ সালে এর কার্যক্রম পাশের সিলাম সাব-পোস্ট অফিসে স্থানান্তর করা হয়।

তিনি জানান, ২০২৪ সালে ডাকঘরটিকে টাউন সাব-পোস্ট অফিসে উন্নীত করে পুনরায় চালুর উদ্যোগ নেয়া হয়। ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলামের নির্দেশনা এবং চট্টগ্রাম অঞ্চলের পোস্টমাস্টার জেনারেল মো. আবু তালেবের সার্বিক তত্ত্বাবধানে ভবনটির সংস্কারকাজ সম্পন্ন করে পুনরায় কার্যক্রম শুরু করা হয়েছে।
সুজিত চক্রবর্তী বলেন, স্থানীয় জনগণের ডাকসেবা নিশ্চিত করার লক্ষ্যে খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী যে মহৎ উদ্যোগ নিয়েছিলেন, তার ধারাবাহিকতায় আধুনিক ডাকসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
সিলেট প্রধান ডাকঘরের সহকারী পোস্টমাস্টার জেনারেল (কাম পোস্টমাস্টার) মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে এবং পোস্ট অফিস পরিদর্শক (শহর) রুনু চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাঁন বাহাদুর ডা. আছদ্দর আলী ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লি বাবর আলী খাঁন, সমাজসেবক আসাদ উদ্দিন, সিলেট প্রধান ডাকঘরের এপিএম লিপ্টন রঞ্জন রায় ও এপিএম মুজিবুর রহমান খান পাঠান।
উদ্বোধনী অনুষ্ঠানে ডাক বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, বিরাহিমপুর ডাকঘরের পোস্টমাস্টার এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



