মিরসরাইয়ে মধ্যরাতে ডাকাতি, গৃহকর্তাকে বেঁধে স্বর্ণ-টাকা লুট

সংঘবদ্ধ ডাকাত দল গভীর রাতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘুমন্ত পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। এরপর প্রায় এক ঘণ্টা ধরে ঘরের প্রতিটি কক্ষ তল্লাশি চালিয়ে আলমারি ও বিভিন্ন আসবাবপত্র তছনছ করে।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
তছনছ করা আলমারি ও বিভিন্ন আসবাবপত্র
তছনছ করা আলমারি ও বিভিন্ন আসবাবপত্র |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে একটি বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে প্রায় এক ঘণ্টা ধরে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৮ আগস্ট) রাত ২টার দিকে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হাজ্বি শফি আহমেদ মেস্ত্রী বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ ডাকাত দল গভীর রাতে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঘুমন্ত পরিবারের সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে তারা। এরপর প্রায় এক ঘণ্টা ধরে ঘরের প্রতিটি কক্ষ তল্লাশি চালিয়ে আলমারি ও বিভিন্ন আসবাবপত্র তছনছ করে।

ভুক্তভোগী মো: গিয়াস উদ্দিন জানান, ডাকাতরা ঘরে থাকা স্বর্ণের অলংকার, নগদ টাকা-পয়সা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়।

যাওয়ার সময় পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হয় বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ডাকাতির খবর ছড়িয়ে পড়লে খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। রাতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

খবর পেয়ে মিরসরাই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, ডাকাতির বিষয়টি তারা শুনেছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।