ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মশালগাঁও সীমান্ত থেকে নারী, শিশুসহ ১১ জনকে প্রায় ৭২ ঘণ্টা পর সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (৭ জুন) দিবাগত রাত ৩টার দিকে তাদের সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে বিজিবি। ১১ জনের মধ্যে চারজন শিশু, চারজন নারী ও তিনজন পুরুষ ছিলেন। নারীদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গেছে।
এর আগে, বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ৩টার দিকে মশালগাঁও বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৪৯/৭-এস-এর কাছে বিএসএফ ওই ১১ জনকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেয়। খবর পেয়ে বিজিবির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের শনাক্ত করে এবং বাংলাদেশের ভেতরে প্রবেশে বাধা দেয়। পরে তারা সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছিল। অবৈধ পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি সীমান্তবর্তী বাংলাদেশী নাগরিকরাও রাত জেগে সীমান্ত পাহারা দেন।
ওই ১১ জন ভারতীয় নাগরিককে সরিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর বিজিবির (৪২ ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান সোমবার (৮ জুন) সকালে গণমাধ্যমকে জানান, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে বিজিবি সতর্ক এবং শক্ত অবস্থানে রয়েছে।



