টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পিকআপ-ভর্তি বিপুল পরিমাণ সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলার সময় চালকসহ গাড়িটি আটক করেছে স্থানীয় জনতা।
বুধবার (২৬ আগস্ট) রাত ১১টার দিকে ভূঞাপুর গোবিন্দাসী টি-রোড এলাকা থেকে পিকআপটি আটক করা হয়।
স্থানীয়রা জানায়, বুধবার রাতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ সরকারি ওষুধ ভূঞাপুরের গোবিন্দাসী যমুনা নদীর উদ্দেশে নেয়া হচ্ছিল। পথে টি-রোড এলাকায় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা পিকআপটিকে আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ওষুধসহ ট্রাকটি থানায় নিয়ে যায়।
পিকআপচালক আজমত জানান, বস্তাগুলো হাসপাতাল থেকে গোবিন্দাসী নেয়ার জন্য তার পিকআপ ভাড়া করেন বাবুল নামের এক লোক। বস্তায় কী ছিল তা তিনি জানেন না।
কর্তৃপক্ষের গাফিলতির কথা স্বীকার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আবু নয়িম মোহাম্মদ সোহেল জানান, ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে।
ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘জনতার হাতে আটক হওয়া পিকআপ-ভর্তি ওষুধ ও চালককে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



