নেত্রকোনার কেন্দুয়ায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (৩১ অগাস্ট) সন্ধ্যার দিকে উপজেলার চন্দ্রপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার নান্দনাল গ্রামের ব্যাটারিচালিত অটোরিকশাচালক ওয়াজেদ মিয়া ও চান্দপুর গ্রামের গৃহবধূ লিজা আক্তার (৪০)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে রামপুর বাজার থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে কেন্দুয়ায় যাচ্ছিল। অটোরিকশাটি চন্দ্রপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন ও চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘দুর্ঘটনায় দুইজন নিহত ও যাত্রীরা আহত হয়েছেন। এ বিষয়ে একটি মামলা করা হয়েছে।’



