কুমিল্লায় জসীম হত্যা মামলার প্রধান আসামি সিলেট থেকে গ্রেফতার

পরদিন ১৬ মার্চ সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা আরো কয়েকজনকে সাথে নিয়ে জসীম উদ্দিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ভাঙচুর চালায়। এ সময় জসীম বাধা দিতে গেলে হামলাকারীরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হোসেন
গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হোসেন |নয়া দিগন্ত

কুমিল্লার বরুড়ায় পারিবারিক সম্পত্তি ও জমি নিয়ে বিরোধের জেরে সঙ্ঘটিত জসীম উদ্দিন হত্যা মামলার প্রধান আসামি নাজমুল হোসেনকে (৩২) সিলেট থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

রোববার (১৪ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহীদুল ইসলাম সোহাগ। গ্রেফতার নাজমুলকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, শনিবার (১৩ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট মহানগরের কোতোয়ালী থানার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ব্লু বার্ড হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নাজমুল হোসেন কুমিল্লার বরুড়া থানার ধনিশ্বর এলাকার আলী আকবরের ছেলে।

র‌্যাব সূত্র জানিয়েছে, নিহত জসীম উদ্দিন একই এলাকার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সাথে তার জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ হলেও সমাধান হয়নি। ১৫ মার্চ বিরোধের জেরে প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা করলে জসীম উদ্দিন ও তার স্ত্রী বাধা দেন। এ সময় তাদের মারধর করা হয়। আহত অবস্থায় চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে আসেন।

পরদিন ১৬ মার্চ সন্ধ্যায় পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা আরো কয়েকজনকে সাথে নিয়ে জসীম উদ্দিনের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ভাঙচুর চালায়। এ সময় জসীম বাধা দিতে গেলে হামলাকারীরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে তাকে মারধর করে হাত-পা বেঁধে পুকুরে ফেলে দেয়া হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী বরুড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই প্রধান আসামি নাজমুল হোসেন পলাতক ছিলেন। পরে র‌্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।