ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার অভিযোগে যুবক গ্রেফতার

পুলিশ জানায়, আলাল ধলডাঙ্গা বাজারে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে অনলাইন জুয়ার অ্যাজেন্ট হিসাবে কাজ করে আসছিল। সে ভূরুঙ্গামারী ও সীমান্ত সংলগ্ন ভারতের কোচবিহার রাজ্যের বিভিন্ন স্থানে অনলাইন জুয়ার ওয়েবসাইটে টাকা রিচার্জ করত।

Location :

Kurigram
অনলাইন জুয়ার অভিযোগে গ্রেফতার আলাল হোসেন
অনলাইন জুয়ার অভিযোগে গ্রেফতার আলাল হোসেন |নয়া দিগন্ত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়ার অভিযোগে আলাল হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আলাল উপজেলার তিলাই ইউনিয়নের জহুর উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, আলাল ধলডাঙ্গা বাজারে মোবাইল ব্যাংকিংয়ের আড়ালে অনলাইন জুয়ার অ্যাজেন্ট হিসাবে কাজ করে আসছিল। সে ভূরুঙ্গামারী ও সীমান্ত সংলগ্ন ভারতের কোচবিহার রাজ্যের বিভিন্ন স্থানে অনলাইন জুয়ার ওয়েবসাইটে টাকা রিচার্জ করত। আলালের ব্যবহৃত মোবাইল ফোন ও কম্পিউটারে সংরক্ষিত জুয়া ও ক্যাসিনো সংক্রান্ত তথ্য পাওয়া গেছে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিম উদ্দিনের উপস্থিতিতে তাকে আটক করা হয়।

এসময় তার কাছে অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত চারটি স্মার্ট ফোন, বেশকিছু মোবাইল সিম, অনলাইন জুয়ার রিচার্জের নগদ এক লাখ চল্লিশ হাজার টাকা জব্দ করা হয়। তার বিরুদ্ধে জুয়া আইন-২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি মো. আজিম উদ্দিন বলেন, জুয়া ও মাদককারবারিদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছি। তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, অনলাইন জুয়া বা ক্যাসিনোর বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। ব্রিটিশ আমলে প্রণীত জুয়া আইন সংস্কার করে নতুন জুয়া আইন-২০২৬ জারি করা হয়েছে। এ আইনের মাধ্যমে পুলিশ ভূরুঙ্গামারী উপজেলাকে জুয়ামুক্ত করতে বদ্ধপরিকর।