নোয়াখালীর চাটখিল উপজেলায় ফাহিমা আক্তার রিফা (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার দাবি করেছে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
শনিবার (২০ জুন) বিকেলে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে, শুক্রবার (১৯ জুন) রাতে উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়া গ্রামে শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ফাহিমা আক্তার রিফা সাহাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তফদার বাড়ির মো: সালাউদ্দীনের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ মার্চ ফাহিমা আক্তার রিফার সাথে একই ইউনিয়নের প্রসাদপুর গ্রামের আমজাদ বেপারী বাড়ির মরহুম কবির হোসেনের ছেলে সৌদিপ্রবাসী ফয়সাল আহমেদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। শুক্রবার রাতে শ্বশুরবাড়ির নিজ কক্ষে রিফাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাত। ঘটনার কয়েক ঘণ্টা আগে ফয়সাল শ্বশুরবাড়ির লোকজনকে রিফাকে দ্রুত নিয়ে যেতে বলে। পরে মেয়ের সাথে তারা কথা বললে সে আতঙ্কিত ছিল। কিছুক্ষণ পর সেখানে গিয়ে দেখে তাদের মেয়ে আর বেঁচে নেই।
নিহতের দেবর আকাশ জানান, ঘটনার সময় সৌদিপ্রবাসী ভাই ফয়সালের ফোন পেয়ে তিনি রিফার কক্ষের সামনে যান। সেখানে গিয়ে ঘরের উভয় দরজা বন্ধ দেখতে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করা হয়।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, পারিবারিক কলহের জেরে গৃহবধূ আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।



