মিরসরাইতে পর্যটকদের পদচারণায় মুখর খৈয়াছরা ঝরনা

ঈদের ছুটি শেষ হলেও এখনো পর্যটকদের পদচারণায় মুখর চট্টগ্রামের মিরসরাইয়ের আট স্তরবিশিষ্ট খৈয়াছড়া ঝরনা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছে ভ্রমণপিপাসু মানুষ।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
মিরসরাইতে পর্যটকদের পদচারণায় মুখর খৈয়াছরা ঝরনা
মিরসরাইতে পর্যটকদের পদচারণায় মুখর খৈয়াছরা ঝরনা |নয়া দিগন্ত

ঈদের ছুটি শেষ হলেও এখনো পর্যটকদের পদচারণায় মুখর চট্টগ্রামের মিরসরাইয়ের আট স্তরবিশিষ্ট খৈয়াছড়া ঝরনা। প্রতিদিন দূর-দূরান্ত থেকে ছুটে আসছে ভ্রমণপিপাসু মানুষ। যান্ত্রিক জীবনের কোলাহল থেকে মুক্ত হয়ে প্রকৃতির সান্নিধ্যে যেতে খৈয়াছরা ঝরনার রাস্তায় মানুষের ঢল নেমেছে।

আকার আকৃতি ও গঠন শৈলির দিক দিয়ে বেশ বড় এ ঝরনা। এ ঝরনার মোট আটটি মূল ধাপ ও অনেকগুলো বিচ্ছিন্ন ধাপ আছে যা বাংলাদেশের আর কোনো ঝরনাতে এখনো পর্যন্ত দেখা যায়নি। প্রকৃতির নান্দনিক তুলিতে আঁকা সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন ভ্রমণপিপাসু মানুষ। ঝুম ঝুম শব্দে বয়ে চলা ঝরনাধারায় গা ভিজিয়ে মানুষ যান্ত্রিক জীবনের অবসাদ থেকে নিজেকে সজীব করে তোলে। উপর থেকে পানি পড়ার কলকল শব্দ দর্শনার্থীদের মনে আশ্চর্য শান্তির পরশ বুলিয়ে দেয়।

চার বন্ধুকে নিয়ে ঝরনায় ঘুরতে আসা ফখরুল ইসলাম বলেন, ঈদের ছুটি পেয়ে বন্ধুদের নিয়ে ঘুরতে আসলাম। ঝরনায় পানি খুব বেশী না থাকলেও অনেক আনন্দ করেছি।

ফেনীর পরশুরাম থেকে ঘুরতে আসা কলেজ ছাত্র মাসুদ রানা বলেন, আমি প্রথমবার খৈয়াছরা ঝরনায় বেড়াতে এসেছি। খুব সুন্দর একটি ঝরনা। এতদিন শুধু নাম শুনেছি, প্রথমবার এসে খুব ভালো লাগছে। তবে ঝরনায় যাওয়ার পথ কিছুটা কষ্টের।

পরিবারের সদস্যদের নিয়ে বেড়াতে আসা বেসরকারি চাকরিজীবী মুরশিদুল আলম বলেন, পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে এলাম। শিশুদের আসা-যাওয়ায় একটু কষ্ট হয়েছে। তবে সুন্দর ঝরনা, বর্ষা মৌসুমের তুলনায় পানি খুব কম।

ঝরনার পাশের দোকানি আবু তাহের বলেন, রমজানের ঈদের পর প্রায় দুই মাস তেমন পর্যটক হয়নি। কোরবানির ঈদের পরদিন থেকে অনেক পর্যটক এসেছে। বেচাকেনাও ভালো হচ্ছে।

দেশের যেকোনো স্থান থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসদর পার হয়ে বড়তাকিয়া বাজারের আগে খৈয়াছড়া আইডিয়াল স্কুলের সামনে নামতে হবে। এরপর খৈয়াছরা ঝরনা রাস্তার মাথায় সিএনজি চালিত অটোরিকশা রয়েছে। এছাড়া নিজস্ব গাড়ি নিয়েও পাহাড়ের পাদদেশে যাওয়া যাবে।