বান্দরবান সদরের ট্রাফিক মোড় এলাকা থেকে প্রাইভেটকারের সিটের গোপন স্থানে লুকিয়ে রাখা ১৩টি প্যাকেটসহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় জাকির হোসেন নামে গাড়িচালককে আটক করা হয়।
শুক্রবার সকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রাইভেটকারটি আটক করে ডিবি।
আটক জাকির হোসেন কুমিল্লার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে সিটের গোপন স্থানে লুকিয়ে রাখা ১৩টি প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে।
পুলিশের দাবি, কক্সবাজার থেকে ইয়াবার চালানটি প্রাইভেটকারে করে বান্দরবান সদরে আনা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালানটি উদ্ধার করা হয়। বর্তমানে প্যাকেটগুলো খুলে ইয়াবার সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে। একইসাথে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা করছে পুলিশ।
আটক জাকির হোসেন দাবি করেন, গাড়িতে ইয়াবা থাকার বিষয়ে তিনি কিছুই জানতেন না। তার মতে, ভোরে কক্সবাজার থেকে গাড়ি নিয়ে রওনা হন তিনি। পথে কেরানীহাটে একজন যাত্রী নেমে যান। পরে বান্দরবান সদরে পৌঁছানোর পর গাড়িতে থাকা আরো দুইজন নেমে যান। এরপর পুলিশ তাকে আটক করে।
জাকির আরো জানান, মাত্র কয়েকদিন আগে থেকে তিনি ওই প্রাইভেটকারটি চালানো শুরু করেছেন।
বান্দরবানের পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকার জানান, বিপুল পরিমাণ ইয়াবাসহ প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার সঠিক সংখ্যা নির্ধারণের কাজ চলছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।



