বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা শাখার আমির মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘জামায়াতসহ ১১ দলীয় ঐক্য দেশ ও জনগণের পক্ষে কাজ করছে। জনগণের ন্যায্য দাবির পক্ষে অবস্থান নিয়ে অব্যাহত কর্মসূচি পালন করছে ১১ দল।’
তিনি বলেন, ‘ফ্যাসিবাদের দীর্ঘদিনের যাঁতাকলে পিষ্ট জাতিকে মুক্তির পথ দেখিয়েছিল জুলাই বিপ্লব। বহু শহীদ, পঙ্গু ও আহতদের রক্তের বিনিময়ে প্রাপ্ত এ বিপ্লবের দাবি ছিল, জুলাই সনদ ও গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করে বিপ্লবের ফলাফল সমুন্নত রাখা।’
তিনি আরো বলেন, ‘কিন্তু দুঃজনক হলেও সত্য, জুলাই বিপ্লবের সবচেয়ে বেশি সুবিধাভোগী দল বিএনপি ক্ষমতায় গিয়ে গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি শুরু করেছে। তারা দেশবাসীর সাথে পুরনো ফ্যাসিবাদের মতোই আচরণ করছে। একইদিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও তারা জনগণের গণরায় প্রত্যাখান করে জাতির সাথে বেঈমানী করেছে।’
শনিবার (১৮ জুলাই) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত উপজেলা দায়িত্বশীল সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়ে মাওলানা হাবিবুর রহমান বলেন, ‘আগামী ২৫ জুলাই সিলেটের আলীয়া মাদরাসা মাঠে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে ২৫ জুলাইয়ের বিভাগীয় মহাসমাবেশ সফল করুন।’
নগরীর বন্দরবাজারস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমির হাফেজ আনওয়ার হোসাইন খান, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা মজিলশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার আব্দুল কুদ্দুছ, হাকিম নাজিম উদ্দিন, মাস্টার নুরুল ইসলাম, আব্দুল কাইয়ুম, অ্যাডভোকেট সোলেমান আলী, মাওলানা ফয়জুর ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান, সেক্রেটারি নিজাম উদ্দিন খান প্রমুখ।



