গোয়েন্দা পুলিশের অভিযানে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক সম্রাট হিসেবে খ্যাত গাজীপুরের কালীগঞ্জের মো: জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে (৪৭) গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো: আকতার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতার মো: জয়নাল আবেদীন ওরফে মিন্টু গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কলাপাটুয়া গ্রামের ছিদ্দিক মোল্লার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল পৌনে ৫টার দিকে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল বনানী এলাকার মহাখালী আমতলা থেকে তিতুমীর কলেজগামী সড়কের অ্যাডভান্স নুরানী টাওয়ারের সামনে ফুটপাতে অভিযান চালায়। এ সময় তিন হাজার পিস ইয়াবাসহ জয়নাল আবেদীন ওরফে মিন্টুকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে জিডিএল ব্র্যান্ডের জি৮+ মডেলের একটি মোবাইলফোন উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসামির বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
স্থানীয়রা জানায়, গ্রেফতার মিন্টু নিজ এলাকায় বিএনপির রাজনীতির সাথে জড়িত এবং দলের শীর্ষ নেতার কাছের আত্মীয়।



