সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, ৪ জনকে কুপিয়ে জখম

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বুধবার দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সরিষাবাড়ী, (জামালপুর) সংবাদদাতা

Location :

Jamalpur

জামালপুরের সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সরিষাবাড়ী, পরে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এ ঘটনায় বুধবার (৩ জুন) দুপুরে সাতজনের নাম উল্লেখ করে আজিজুর রহমান থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মামলা সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় দীর্ঘদিন ধরে লাইলি বেগমের পরিবারের সাথে প্রতিবেশী সুলতান মিয়ার পরিবারের দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ-বৈঠক হলেও কোনো সমাধান হয়নি। বিরোধপূর্ণ ওই জমিতে মঙ্গলবার রাতে জোরপূর্বকভাবে পাকা টয়লেট নির্মাণ শুরু করেন সুলতান মিয়া ও তার লোকজন। এ সময় লাইলি বেগমের পরিবারের লোকজন বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয় এবং একপর্যায়ে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।

হামলায় ধারালো অস্ত্রের আঘাতে এবং লাঠির পিটুনিতে ৫ জন গুরুতর আহত হন। আহতরা হলেন- লাইলি বেগম (৫০), মালেকা বেগম (৫৫), আজিজুর রহমান (৪৫) ও মিন্টু মিয়া (৪২)। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে প্রথমে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এদের মধ্যে মিন্টু মিয়ার অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বুধবার দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।