লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও সনদ বিতরণ

প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি নিজ উদ্যোগে কাজ শুরু করে যেন আয় করতে পারেন, সে লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি (খাগড়াছড়ি)

Location :

Lakshmichhari
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র ও সরঞ্জাম তুলে দেয়া হয়
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র ও সরঞ্জাম তুলে দেয়া হয় |নয়া দিগন্ত

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় দুর্গম পাহাড়ি এলাকার বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০ জন পাহাড়ি বাঙালি যুবককে কারিগরি প্রশিক্ষণ দিয়েছে সেনাবাহিনী। তিন সপ্তাহব্যাপী ‘মেকানিক্যাল অ্যান্ড রিপেয়ার’ ও ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড মোবাইল রিপেয়ার’ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি জোন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) লক্ষীছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র ও সরঞ্জাম তুলে দেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম।

প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও উন্নয়নের পাশাপাশি নিজ উদ্যোগে কাজ শুরু করে যেন আয় করতে পারেন, সে লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান জোন অধিনায়ক। এছাড়াও প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের যাতায়াত খরচ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ সামগ্রী লক্ষীছড়ি সেনা জোনের পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর হোসাইন ও উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদারসহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ।