সিলেটে অস্ত্রের মহড়া দেয়া ছাত্রলীগ নেতা গ্রেফতার

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অস্ত্র প্রদর্শনের ভিডিওকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ছবি : নয়া দিগন্ত

সিলেটের গোলাপগঞ্জে প্রকাশ্যে অস্ত্রের মহড়া ও সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার সরস্বতী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার যুবকের নাম মাহবুব হাসান আতিক (২৫)। তিনি গোলাপগঞ্জ পৌরসভার সরস্বতী গ্রামের চাঁন মিয়ার ছেলে এবং নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অস্ত্র প্রদর্শনের ভিডিওকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গোলাপগঞ্জ পৌর সদরের চৌমুহনী এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে প্রকাশ্যে পাল্টাপাল্টি অস্ত্রের মহড়া চলে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযান পরিচালনা করে।

গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুল ইসলাম জানান, ভাইরাল হওয়া অস্ত্রের মহড়ার ভিডিওকে কেন্দ্র করে দায়ের হওয়া জিআর ১০৮/২০২৬ মামলার এজাহারভুক্ত আসামি মাহবুব হাসান আতিককে গ্রেফতার করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় নেতা আতিকসহ মোট চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।