ঝালকাঠিতে বিদ্যুৎ বিভাগের দায়িত্ব পালনে অবহেলার কারণে লাখ টাকা মূল্যের একটি গাভী বিদ্যুতায়িত হয়ে মারা গেছে।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝালকাঠি শহরের বিকনা এলাকার গাজী বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
গাভীর মালিক রুম্মান খানের মা জানান, সকালে তাদের দুধেল গাভীটি এক মাস বয়সী বাছুরটিকে নিয়ে ঘাস খেতে বের হয়। বেলা সাড়ে ১২টার দিকে গাজী বাড়ি এলাকার বিদ্যুৎ পোলের কাছে ঘাস খেতে থাকে। ওই বিদ্যুৎ পোলের টানা তার বেশ কিছুদিন ধরে বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। তারের কাছে গাভীটি যাওয়ার সাথে সাথেই বিদ্যুতায়িত হয়ে মারা যায়। সাথে থাকা এক মাস বয়সী বাছুরটির প্রাণ রক্ষা পায়।
এলাকাবাসী জানান, বিদ্যুৎ পোলের কাছেই প্রায় ১৫ দিন পূর্বে ফাঁকা জমিতে বাউন্ডারি ওয়াল করা হয়। তখন সেখানকার শ্রমিকরা ওই তারটিতে বিদ্যুৎ রয়েছে বলে বিদ্যুৎ বিভাগকে অভিযোগ জানান। কিন্তু বিদ্যুৎ বিভাগ অভিযোগ আমলে না নিয়ে দায়িত্ব পালনে অবহেলা করে। বিদ্যুৎ বিভাগের গাফিলতি ও দায়িত্ব পালনে অবহেলার কারণে অসহায় মহিলার লাখ টাকা মূল্যের গাভীটি হারাতে হলো। তাদের অবহেলায় হয়তোবা অনেক মানুষের প্রাণও যেতে পারত।
গাভী বিদ্যুতায়িত হয়ে পড়ে থাকার পর এলাকার লোকজন বিদ্যুৎ বিভাগকে ফোন করলে তারা এসে বিদ্যুৎ পোলের টানা তারের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
গাভীটির মালিকপক্ষ বিদ্যুৎ বিভাগের কাছে দায়িত্ব পালনে অবহেলার জবাবদিহিতা এবং ক্ষতিপূরণ দাবি করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য তারা জোর দাবি জানায়।
ঝালকাঠি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো: মতিউর রহমান জানান, শহরতলীর বিকনা এলাকায় বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়েছিল—তা আমাদের কাছে কেউ অভিযোগ জানায়নি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেয়া হতো। এলাকাবাসী যদি বিষয়টিকে গুরুত্ব দিত, তাহলে আর কোনো সমস্যা হতো না।



