সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আক্রান্ত ১৮২

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট ব্যুরো
প্রতীকী ছবি

সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো একজন ডেঙ্গুরোগী শনাক্ত হওয়ায় চলতি বছরে বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮ জন।

শুক্রবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

আগের দিন বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সাতজন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিলেন। ওইদিন মোট আক্রান্তের সংখ্যা ছিল ১৮১ জন। নতুন করে একজন শনাক্ত হওয়ায় এক দিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা ১৮২ জনে দাঁড়িয়েছে।

চলতি বছর সিলেট বিভাগে ডেঙ্গুতে এখন পর্যন্ত একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৮২ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭ জন, সুনামগঞ্জে ৩৭ জন, হবিগঞ্জে ৮১ জন, মৌলভীবাজারে ২০ জন এবং অন্য জেলা থেকে আসা ছয়জন রয়েছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৮ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নয়জন, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে একজন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে দু‘জন, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে একজন চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে হবে। জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেয়ারও আহ্বান জানানো হয়েছে।