চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নে মিশু আক্তার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) বেলা ১১টার দিকে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নামারবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিশু আক্তার চরপাথরঘাটা ইউনিয়নের ইয়াছিনের মেয়ে এবং নামারবাড়ি এলাকার মহিউদ্দিনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, শ্বশুরের ভরণ-পোষণ নিয়ে পারিবারিক বিরোধের জেরে সম্প্রতি উভয় পরিবারের মধ্যে আলোচনা ও বৈঠকের উদ্যোগ নেয়া হয়। এ বিষয়ে শ্বশুরবাড়ির সদস্যরা মিশুকে বকাবকি করেছিলেন বলে পরিবারের দাবি। এরপর শনিবার সকালে বসতঘরের একটি কক্ষে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
নিহতের চাচা মুসা সিকদার বলেন, এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে না। পরিবারের সবাই শোকাহত ও হতবাক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।



