নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে যুবকের মৃত্যু, ২০ ঘণ্টা পর উদ্ধার

শনিবার (৪ জুলাই) দুপুরে পরশুরাম এলাকায় মুহুরী নদীতে গোসল করতে নেমে সাকিব নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেন।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
নিহত সাকিব
নিহত সাকিব |নয়া দিগন্ত

ফেনীর পরশুরামে নানাবাড়িতে বেড়াতে এসে মুহুরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাকিবের (২৪) লাশ প্রায় ২০ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।

রোববার (৫ জুলাই) সকাল ১০টার দিকে ফুলগাজী উপজেলার মধ্যম শ্রীচন্দ্রপুর এলাকায় নদীর ভাটিতে ভেসে ওঠে তার লাশ।

নিহত সাকিব কুমিল্লা জেলার নাঙ্গলকোটের মোহাম্মদ আলীর ছেলে। তিনি তার পরিবারের সাথে চট্টগ্রাম শহরের একটি বাসায় ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, শনিবার (৪ জুলাই) দুপুরে পরশুরাম এলাকায় মুহুরী নদীতে গোসল করতে নেমে সাকিব নিখোঁজ হন। খবর পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময় অনুসন্ধান চালান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোনো সন্ধান না পাওয়ায় চট্টগ্রাম থেকে ডুবুরি দল আনা হয়।

ডুবুরি দল রাত প্রায় ৮টা পর্যন্ত নদীতে অভিযান পরিচালনা করেও সাকিবকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে রাতের জন্য উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।

রোববার সকাল ১০টার দিকে ফুলগাজী উপজেলার মধ্যম শ্রীচন্দ্রপুর গ্রামের মুহুরী নদীর ভাটির অংশে স্থানীয় লোকজন একটি লাশ ভাসতে দেখেন। পরে সেটি নিখোঁজ সাকিবের লাশ বলে শনাক্ত করা হয়।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান জানান, সকালে শ্রীচন্দ্রপুর এলাকায় মুহুরী নদীতে একটি লাশ ভেসে ওঠার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট থানার সাথে যোগাযোগ করে পুলিশ পাঠানো হয়। পরে নিশ্চিত হওয়া যায়, লাশটি পরশুরামে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সাকিবের। লাশ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার দুপুর ২টার দিকে শাকিবের লাশ জঙ্গল ঘোনায় তার নানাবাড়িতে নিয়ে আসা হয়। এ সময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। পরে সন্ধ্যায় জঙ্গলঘোনা গ্রামে জানাজা শেষে নানাবাড়ির কবরস্থানে দাফন করা হয়।