দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে রুয়েট ক্যাম্পাসে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী এক বছরে রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে দুই লাখ ৫০ হাজার গাছের চারা রোপণের পরিকল্পনা নেয়া হয়েছে। এরই মধ্যে প্রথম পর্যায়ে প্রায় ৫৩ হাজার গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বৃক্ষরোপণ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, যা অত্যন্ত ইতিবাচক। এজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।’
মাহফুজুর রহমান রিটন নগরবাসীসহ সব শ্রেণি-পেশার মানুষের প্রতি বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। একইসাথে প্রত্যেককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেয়ারও আহ্বান জানান।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রুয়েটের ভিসি অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম, রেজিস্ট্রার আরিফ আহমদ চৌধুরী, প্রধান প্রকৌশলী মো: শাহাদাত হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।
এ সময় রুয়েট ভিসি বলেন, ‘পরিবেশের সুরক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ গ্রহণ করেছেন, এরই অংশ হিসেবে রুয়েটে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। বৃক্ষরোপণে সরকারের যে লক্ষ্যমাত্রা, তা পূরণের জন্য সংশ্লিষ্ট সবাইকে সাথে নিয়ে কাজ করছে রুয়েট।’



