মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা
মিরসরাইয়ে ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। উপজেলার বারইয়ারহাট পৌরসভার পশ্চিম হিঙ্গুলী গ্রামের মোস্তাফিজুর রহমানের বসতঘর থেকে এসব মাদক উদ্ধার করা হয়।
শনিবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে অভিযান চালিয়ে এসব বিদেশী মদ উদ্ধার করা হয়।
পুলিশের অভিযানের খবর পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায়।
পলাতক মাদক কারবারিরা হলো বারইয়ারহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম হিঙ্গুলীর খুরশিদ আলমের বাড়ির মরহুম খুরশিদ আলমের ছেলে মোস্তাফিজুর রহমান সোহেল (৪৩) ও তার স্ত্রী, হিঙ্গুলী ইউনিয়নের জামালপুর গ্রামের মরহুম কেরু মিয়ার ছেলে নুর আলম মাসুদ প্রকাশ কালা মাসুদসহ (৩৫) অজ্ঞাত পরিচয় আরো দুই-তিনজন। পলাতক আসামিদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান, শনিবার বারইয়ারহাট পৌরসভার পশ্চিম হিঙ্গুলীর মাদক কারবারি মোস্তাফিজুর রহমান সোহেলের বসতঘরে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের ৩০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।
তিনি জানান, পুলিশের অভিযানের খবর পেয়ে মাদক কারবারি মোস্তাফিজুর রহমান, তার স্ত্রী, নুর আলম মাসুদসহ অজ্ঞাত আরো দুই-তিনজন পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে এবং বিদেশী মদ উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



