দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে চট্টগ্রাম জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, ‘দুর্নীতির ক্ষেত্রে আমার অবস্থান ‘জিরো টলারেন্স’। সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের বিকল্প নেই।’
তিনি বলেন, ‘অন্যায় বা অনিয়ম কোনো না কোনো সময় প্রকাশ পায়। তাই সবাইকে স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।’
বুধবার (২২ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের লক্ষ্যে গঠিত কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা পরিষদ প্রশাসক বলেন, ‘সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মানুষের পুনর্বাসনে জেলা পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হবে। বাঁশখালী, সাতকানিয়া, চন্দনাইশসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পুনর্বাসনে কিভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে আলোচনা চলছে। প্রয়োজনীয় সহযোগিতার জন্য সরকারের উচ্চপর্যায়েও বিষয়টি তুলে ধরা হবে।’
তিনি আরো বলেন, ‘জেলা পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ইউএনওদের দেয়া প্রস্তাবগুলো গুরুত্বের সাথে বিবেচনা করা হবে।’
চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলামের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নির্বাহী কর্মকর্তা খোন্দকার মো: ইখতিয়ার উদ্দীন আরফাত, সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) এস এম খালেকুজ্জামান, প্রসানিক কর্মকর্তা আনিছ উদ্দিনসহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্থানীয় সরকার, সমাজ সেবাসহ বিভিন্ন দফতরের কর্মকর্তারা।



