ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৪৮ লাখ ৫১ হাজার টাকা মূল্যের ভারতীয় মুঠোফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৮ আগস্ট) সকালে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দফতর থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বান্দরকাটা সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দরকাটা এলাকায় বিজিবির একটি টহল দল তল্লাশি অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মুঠোফোনের ডিসপ্লে জব্দ করা হয়। জব্দ করা ডিসপ্লেগুলোর আনুমানিক বাজারমূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা জোরদারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



