শিবির সভাপতি

বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষিত বেকার তৈরির কারখানা

ছাত্রশিবির সভাপতি বলেন, জিপিএ-৫ পাওয়াই কেবলমাত্র সফলতা নয়; সুন্দর পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা মাত্র।

এরশাদ আলী, খুলনা ব্যুরো

Location :

Khulna
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির খুলনা মহানগর শাখা আজ বুধবার (১২ আগস্ট) নগরীর একটি মিলনায়তনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, আমাদের শিক্ষাব্যবস্থা বেকারত্ব দূর করতে ব্যর্থ হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো একেকটি শিক্ষিত বেকার তৈরির কারখানায় পরিণত হয়েছে। দেশের বেশিরভাগ বেকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা মনস্তাত্ত্বিক দাসে পরিণত হয়েছি। জ্ঞান ও গবেষণায় বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে।

তিনি বলেন, দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বেকার হওয়ার পেছনে মূল কারণ পর্যাপ্ত বরাদ্দ না পাওয়া। যার ফলে গবেষণাক্ষেত্রে ব্যাপক ঘাটতির বিষয়টি লক্ষণীয়। ফলে দেশে বেকারত্বের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। অথচ ১৯৬৫ সিঙ্গাপুর স্বাধীন হয়। সিঙ্গাপুরকে স্বাধীনতা অর্জনের জন্য কান্নাকাটি করতে হয়নি। সিঙ্গাপুরকে বলা হয় ‘লিটল ড্রাগন’। সিঙ্গাপুর থেকে কেউ বিদেশে পড়তে গেলে তারা পুনরায় দেশে ফিরে আসে। আর আমাদের দেশের শিক্ষার্থীরা বিদেশে পড়তে গিয়ে আর ফিরে আসে না। পৃথিবীর সবচেয়ে ‘হাই টেকিং ইন্ডাস্ট্রি’ রয়েছে সিঙ্গাপুরে। তাদের অর্থনীতি, শিক্ষাব্যবস্থা, রাষ্ট্রব্যবস্থা আমাদের চেয়ে অনেক বেশি উন্নত।

তিনি বলেন, আমাদের পিছিয়ে থাকার অন্যতম কারণ দুর্নীতি। এখা আমাদের দেশে সরকারি চাকরির জন্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকতে হয়। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে কোয়ালিটি দেখে চাকরি দেয়া হয়। ফলে এখানে প্রকৃত মেধাবীরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারে না।

ছাত্রশিবির সভাপতি বলেন, জিপিএ-৫ পাওয়াই কেবলমাত্র সফলতা নয়; সুন্দর পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রেরণা মাত্র।

তিনি শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও কর্মমুখী শিক্ষার মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলার আহ্বান জানান।

মহানগর সেক্রেটারি ইসরাফিল হোসেনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগর আমির মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান। নজর শাখার দফতর সম্পাদক আহমেদ সালেহীন, বায়তুলমাল সম্পাদক কামরুল হাসান, প্রচার ও এইচআরডি সম্পাদক এস এম বেলাল হোসেন, সাহিত্য সম্পাদক আব্দুর রশিদ, প্রকাশনা ও বিজ্ঞান সম্পাদক ফারহান তূর্য প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে দুই শতাধিক জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল, মিষ্টি, ক্রেস্টসহ বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।