সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কৃষকদের একটি সমন্বিত ডিজিটাল ডাটাবেজের আওতায় আনতে ‘কৃষক কার্ড’ কর্মসূচির জন্য কৃষক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এই কার্যক্রমের মাধ্যমে উপজেলার কৃষকদের তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা হবে।
বুধবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নেতরছৈই গ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ও বাস্তবায়নে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: আব্দুল মমিন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু।
উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা মো: আব্দুল মমিন বলেন, ‘কৃষকদের সঠিক তথ্যভান্ডার তৈরি হলে সরকারি সহায়তা প্রকৃত কৃষকের দোরগোড়ায় পৌঁছে দেয়া সহজ হবে। প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং কৃষকদের সরকারি বিভিন্ন সেবার সাথে সরাসরি যুক্ত করতে কৃষক কার্ড একটি সময়োপযোগী উদ্যোগ।’
তিনি কৃষকদের সঠিক তথ্য দিয়ে নিবন্ধনের আহ্বান জানান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশ্রাফুল আলম বলেন, ‘সরকার দেশব্যাপী কৃষকদের ডিজিটাল ডেটাবেজের আওতায় আনতে কৃষক কার্ড কর্মসূচি বাস্তবায়ন করছে। নিবন্ধিত কৃষকরা এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ আর্থিক সহায়তা, কৃষি উপকরণে ভর্তুকি, স্বল্পসুদে কৃষিঋণসহ মোট ১০ ধরনের সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন। এতে কৃষি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরো বৃদ্ধি পাবে।’
এসময় নরসিংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ, দোয়ারাবাজার উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সোহেল মিয়া, ইউপি সদস্য নুরুল আমিনসহ স্থানীয় কৃষক, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলায় প্রথম ধাপে নরসিংপুর ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড (ব্লক) কৃষক স্মার্ট কার্ডের জন্য এই তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। তথ্যসংগ্রহের এই কার্যক্রম আগামী ১৫ দিন চলবে।
পরবর্তী সময়ে ধাপে ধাপে উপজেলার সব ইউনিয়ন ও ওয়ার্ডে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে।



