ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের শৈলকুপা উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তুফান দাস (৩১) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে শৈলকুপা উপজেলার বড়দাহ মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুফান দাস সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়ি গ্রামের হরিপদ দাসের ছেলে।
স্থানীয় বাসিন্দা সম্রাট হোসেন জানান, কুষ্টিয়া থেকে ঝিনাইদহগামী একটি বালুবাহী ট্রাক বড়দাহ মাদরাসা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবাহী ট্রাকের চালক তুফান দাস কেবিনে আটকা পড়েন। এছাড়া বালুবাহী ট্রাকের হেলপার এবং ধানবোঝাই ট্রাকের চালক গুরুতর আহত হন। খবর পেয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত দুইজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ট্রাকের কেবিন কেটে আটকে থাকা চালক তুফান দাসকে উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।
শৈলকুপা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মহিউদ্দিন বলেন, গভীর রাতে দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। আহতদের হাসপাতালে পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা করে বালুবাহী ট্রাকের চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহানুর আলী বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



