ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির বাইরে থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে মো: সিয়াম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) বেলা সাড়ে ১১টা দিকে উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের মধ্য লামকাইন গ্রামে এ ঘটনা ঘটে।
সিয়াম উপজেলার মধ্য লামকাইন (হাজী বাড়ি) গ্রামের মরহুম রুকুন উদ্দিনের ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির বাইরে থেকে গরু আনার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হয় সিয়াম। পরে স্বজনরা দ্রুত তাকে পাশ্ববর্তী হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’



