কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের শৌচাগার ও সার্বিক পরিবেশের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন।
হাসপাতাল পরিদর্শনের সময় শৌচাগার বন্ধ থাকা, ফ্যান নষ্টসহ বিভিন্ন অব্যবস্থাপনা দেখে তিনি সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।
একপর্যায়ে নিজেই শৌচাগার পরিষ্কার করার কথা বলেন মন্ত্রী। এ সংক্রান্ত একটি ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা শেষে রোগীদের সেবা কার্যক্রম পরিদর্শন করেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। তিনি ওই হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি।
পরিদর্শনের সময় হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। এ সময় হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো: শাহজাহানকে উদ্দেশ করে তিনি বলেন, ‘হারপিক নিয়ে আসেন, আমি ক্লিন করব। যদি আমি পারি, তাহলে আপনার কাছে জানতে চাইব, আপনি কেন পারলেন না।’
ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন স্থানের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করছেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘টাইলসের ওপর কালো দাগ থাকার কথা নয়। হারপিক ব্যবহার করলে এসব দাগ পরিষ্কার হয়ে যায়।’
এ সময় হাসপাতালের শৌচাগারগুলোর অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘বাথরুমগুলোর জঘন্য অবস্থা। সব ফ্লোরে দেখব, বাথরুম আছে ছয়টা, এর মধ্যে পাঁচটি বন্ধ। অন্তত বাথরুমটা তো আপনারা ঠিক রাখবেন।’
একপর্যায়ে তিনি বলেন, ‘আই ওয়ান্ট ক্লিন রাইট নাউ।’
শুধু শৌচাগারের অপরিচ্ছন্নতা নয়, হাসপাতালের বৈদ্যুতিক পাখাগুলোর নাজুক অবস্থাও মন্ত্রীর নজরে আসে। দীর্ঘদিন ধরে নষ্ট থাকা ফ্যানগুলো দ্রুত মেরামতের জন্য হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালককে নির্দেশ দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান বলেন, ‘গণপূর্ত বিভাগকে দ্রুত শৌচাগার মেরামতের জন্য বলা হয়েছে। শৌচাগার পরিচ্ছন্নতায় ১১ জন সরকারি কর্মচারী ও ৬৩ জন আউটসোর্সিংয়ের কর্মচারী কাজ করেন। তারা পুরো হাসপাতালের পরিচ্ছন্নতায় নিয়োজিত। তাদের কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে।’



