ভোলায় নিরাপদ সড়ক দাবিতে বাস মালিক সমিতির

নেতারা আরো অভিযোগ করেন, থ্রি-হুইলারের বিরুদ্ধে বিআরটিএ কার্যকর আইনানুগ ব্যবস্থা না নেয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানির পাশাপাশি শত শত মানুষ পঙ্গুত্ব বরণ করছে। এসব বেআইনি যানবাহন নিয়ন্ত্রণ করা না হলে সড়কে মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

ভোলা প্রতিনিধি

Location :

Bhola

ভোলার প্রধান সড়কগুলোতে অনুমোদনহীন থ্রি-হুইলারসহ অন্যান্য যাত্রীবাহী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আইন কার্যকরের দাবি জানিয়েছে ভোলা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।

বৃহস্পতিবার বেলা ১১টায় ভোলা প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সমিতির নেতারা।

সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ভেদুরিয়া ফেরিঘাট থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত সড়কটি জাতীয় মহাসড়ক। অন্যদিকে পরাণগঞ্জ থেকে চরফ্যাশন হয়ে দক্ষিণ আইচা পর্যন্ত প্রায় ১১০ কিলোমিটার সড়ক আঞ্চলিক মহাসড়ক। বিআরটিএর আইন অনুযায়ী এসব জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে সিএনজি, অটোরিকশাসহ অন্যান্য যাত্রীবাহী থ্রি-হুইলার চলাচল নিষিদ্ধ। তবে আইন অমান্য করে এসব সড়কে থ্রি-হুইলার চলাচল করছে বলে অভিযোগ করেন বাস মালিক সমিতির নেতারা। তাদের অভিযোগ, তিনজন যাত্রী পরিবহনের অনুমতি থাকলেও অনেক সিএনজিতে পাঁচজন পর্যন্ত যাত্রী বহন করা হচ্ছে। পাশাপাশি বেপরোয়া গতিতে অতিরিক্ত যাত্রী নিয়ে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল করছে এসব যানবাহন।

নেতারা আরো অভিযোগ করেন, থ্রি-হুইলারের বিরুদ্ধে বিআরটিএ কার্যকর আইনানুগ ব্যবস্থা না নেয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণহানির পাশাপাশি শত শত মানুষ পঙ্গুত্ব বরণ করছে। এসব বেআইনি যানবাহন নিয়ন্ত্রণ করা না হলে সড়কে মৃত্যুর মিছিল আরো দীর্ঘ হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভোলা জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান বাচ্চু মোল্লা। বক্তব্য দেন সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান, সহসভাপতি হাসান মাকসুদুর রহমান, হুমায়ুন কবির সেলিম ও মুনতাসীর আলম রবীন চৌধুরী প্রমুখ।

ভোলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনুও অনুষ্ঠানে বক্তব্য দেন।

বাস মালিক সমিতির নেতারা বলেন, বাস, মিনিবাস, ট্রাক ও কাভার্ড ভ্যানসহ বিভিন্ন যানবাহন সমিতির নিয়ন্ত্রণে চলাচল করে। কিন্তু থ্রি-হুইলারগুলোর কোনো নিয়ন্ত্রণ সংস্থা নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এসব যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। নিরাপদ সড়কের স্বার্থে থ্রি-হুইলারগুলোকে বিআরটিএর আইনের আওতায় এনে নিয়ন্ত্রণের দাবি জানান তারা।