ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ, প্রশাসনের হস্তক্ষেপে বিতরণ

জমিতে সার দেয়া লাগে। সার পাওয়া যাচ্ছে না। সারের জন্য ডিলারের পেছনে ঘুরতে হয়। এক ডিলার সার দিচ্ছে। সেখানে খুব ভীড়। অন্য ডিলাররা সার দিচ্ছে না।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
সার না পেয়ে কৃষকরা সড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে
সার না পেয়ে কৃষকরা সড়ক অবরোধ করায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে |নয়া দিগন্ত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের দাবিতে সড়ক অবরোধ করেছে ক্ষুব্ধ কৃষকরা। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের কলেজ মোড় এলাকায় সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরে উপজেলা প্রশাসনের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।

জানা গেছে, বুধবার সকালে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের বিসিআইসি অনুমোদিত সার ডিলার মেসার্স জনার্দ্দন চন্দ্র সাহার ডিলার পয়েন্টে ইউরিয়া সার বিতরণ করা হচ্ছিল। এ সময় বিপুলসংখ্যক কৃষক সার নিতে সমবেত হন।

ভিড় বেড়ে যাওয়ায় সারের জন্য আসা কৃষকরা ইউনিয়নটির বিএডিসি অনুমোদিত আরেক সার ডিলার মেসার্স রাকিবুল ট্রেডার্সের সামনে জড়ো হন। বিএডিসি ডিলার ইউরিয়া ছাড়া অন্যান্য সার বিতরণ করেন। আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাকিবুল ট্রেডার্সে সার বিতরণ করার কথা ছিল।

তবে, সার না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা ভূরুঙ্গামারীর সোনাহাট স্থলবন্দরগামী সড়কের সোনাহাট কলেজ মোড়ে সড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সড়ক অবরোধ করা কয়েকজন ক্ষুব্ধ কৃষক বলেন, জমিতে সার দেয়া লাগে। সার পাওয়া যাচ্ছে না। সারের জন্য ডিলারের পেছনে ঘুরতে হয়। এক ডিলার সার দিচ্ছে। সেখানে খুব ভীড়। অন্য ডিলাররা সার দিচ্ছে না।

উপজেলা কৃষি অফিসার আব্দুল জব্বার বলেন, বিসিআইসির ডিলার ইউরিয়া সার বিতরণ করেন। বিএডিসি ডিলার ইউরিয়া ছাড়া অন্যান্য সার বিতরণ করেন। বুধবার সকালে বঙ্গসোনাহাট ইউনিয়নের ক্যাম্পের মোড়ে মেসার্স জনার্দ্দন চন্দ্র সাহা ডিলার পয়েন্টে ইউরিয়া সার বিতরণ করা হচ্ছিল। সেখানে ভীড় বেড়ে গেলে কৃষকরা ইউরিয়া সারের জন্য বিএডিসি ডিলার পয়েন্টে যায়। সার না পেয়ে সড়ক অবরোধ করে। পরে তাদের ডিএপি সার দেয়া।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, কৃষকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করেছে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুষ্ঠুভাবে দিনের সার বিতরণ সমাপ্ত হয়েছে।