কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশীর লাশ হস্তান্তর

আজ শনিবার রাত ৭টায় কুলাউড়ার চাতলাপুর স্থলবন্দরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Kulaura
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী মুজিবুর রহমানের লাশ হস্তান্তর করেছে ভারত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী মুজিবুর রহমানের লাশ হস্তান্তর করেছে ভারত |নয়া দিগন্ত

মৌলভীবাজারের কুলাউড়ার দত্তগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবক মুজিবুর রহমানের লাশ ঘটনার ২৪ ঘণ্টা পর হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

আজ শনিবার রাত ৭টায় কুলাউড়ার চাতলাপুর স্থলবন্দরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।

বাংলাদেশের পক্ষে লাশ গ্রহণ করেন কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম মুন্না ও ভারতের পক্ষে ছিলেন ইরানি থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা।

এর আগে দুপুরে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তে দু’দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পতাকা বৈঠকে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহতের জন্য বিজিবি তীব্র প্রতিবাদ জানায় এবং লাশ দ্রুত হস্তান্তরের দাবি জানায়।

বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী- বিজিবি এক বিবৃতিতে জানায়, শুক্রবার সন্ধ্যায় মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দত্তগ্রাম এলাকা দিয়ে বাংলাদেশী ৬-৭ জনের চোরাকারবারীর দল ভারতীয় চোরাকারবারীদের সহায়তায় চোরাচালানী মালামাল আনতে দত্তগ্রাম সীমান্তের পিলার ১৮৫২/৫-এস থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে লখাইরচর নামক স্থান অবৈধভাবে প্রবেশ করে। ভারতের ১৯৯ ব্যাটালিয়ন বিএসএফ লাঠিয়াপুড়া ক্যাম্পের বিএসএফ চোরাকারবারীদের ওপর ২/৩ রাউন্ড গুলি করে। এতে গুলিবিদ্ধ হয়ে বাংলাদেশী যুবক কুলাউড়া উপজেলার দত্তগ্রাম গ্রামের মো: অজিব আলীর ছেলে মো: মুজিবুর রহমান (২০) গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

এসময় মুজিব আলীর সাথে থাকা অন্যান্য চোরাকারবারীরা বাংলাদেশের অভ্যন্তরে পালিয়ে এসে আত্মগোপনে রয়েছে বলে জানায় বিজিবি।

এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান, ‘বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী যুবকের লাশ আজ শনিবার সন্ধ্যা ৭টায় কুলাউড়া থানা পুলিশ গ্রহণ করেছে। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।’

দত্তগ্রাম বিওপির কোম্পানি কমান্ডার আমজাদ হোসেন জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ভারতীয় ইরানি থানা পুলিশ বাংলাদেশী পুলিশের কাছে নিহত মুজিবের লাশ হস্তান্তর করেছে।