ফরিদপুরের বোয়ালমারীতে বন্ধুদের সাথে পুকুরে গোসল করতে নেমে রাহুল বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে বোয়ালমারী স্টেডিয়াম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাহুল বিশ্বাস বোয়ালমারী পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের আধাঁরকোঠা গ্রামের কামাল বিশ্বাসের ছেলে। সে স্থানীয় একটি ভাঙ্গারি মালামালের দোকানে শ্রমিক হিসেবে কাজ করত।
পরিবারের সদস্যরা জানয়, রাহুল মৃগীরোগে আক্রান্ত ছিল। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বৃষ্টি শুরু হলে সে বন্ধুদের সাথে বৃষ্টিতে ভিজে গোসল করার উদ্দেশ্যে স্টেডিয়াম পুকুরে যায়। এক পর্যায়ে সে বন্ধুদের অগোচরে পানিতে তলিয়ে যায় রাহুল।
পরে তার সন্ধানে স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বিকেল ৪টার দিকে পুকুরের পানিতে রাহুলের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা লাশটি উদ্ধার করেন।
বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।



