সাটুরিয়ায় কোরবানির চামড়া সংরক্ষণে ১০ টন লবণ বিতরণ

ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার উদ্যোগে উপজেলার নয়টি ইউনিয়নের মাদরাসাসহ ২৬টি প্রতিষ্ঠানে সর্বমোট ১০ টন লবণ বিতরণ করা হয়।

Location :

Saturia
লবণ বিতরণ
লবণ বিতরণ |নয়া দিগন্ত

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সাটুরিয়ায় আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য বিভিন্ন ধর্মীয় ও এতিমখানায় বিনামূল্যে লবণ বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল ১০টার দিকে উপজেলা মডেল মসজিদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ লবণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার উদ্যোগে উপজেলার নয়টি ইউনিয়নের মাদরাসাসহ ২৬টি প্রতিষ্ঠানে সর্বমোট ১০ টন লবণ বিতরণ করা হয়।

ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘এ লবণ কেবলমাত্র কোরবানির পশুর চামড়া সংরক্ষণের কাজেই ব্যবহার করতে হবে। চামড়া যাতে যথাযথভাবে সংরক্ষণ করা যায়, সেটাই মূল উদ্দেশ্য। যদি এ লবণ অন্য কোনো বাণিজ্যিক উদ্দেশ্যে অপব্যবহার করা হয়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশারফ হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মো: আবুল বাসার সরকার, ইসলামিক ফাউন্ডেশন সাটুরিয়া শাখার ফিল্ড সুপারভাইজার মো: মাইনুদ্দিনসহ উপজেলা যুবদলের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফিল্ড সুপারভাইজার মো: মাইনুদ্দিন জানান, উপজেলার প্রতিটি ইউনিয়নে চামড়া সংরক্ষণের প্রস্তুতি হিসেবে এ লবণ বিতরণ করা হয়েছে, যা কোরবানির পরপরই চামড়া দ্রুত প্রক্রিয়াজাতকরণে বড় ভূমিকা রাখবে।