শাহরাস্তিতে গৃহবধূ মিম হত্যা, জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

১৪ জুলাই দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার বাত্তলা এলাকায় গৃহবধূ রিগান আক্তার মিমকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরে ঘটনার সাথে জড়িত নিহতের জা (দেবরের বউ) কাজী সুমাইয়া হোসেন মিনাকে গ্রেফতার করে পুলিশ।

Location :

Shahrasti
গৃহবধূ মিম হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
গৃহবধূ মিম হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

শাহরাস্তি (চাঁদপুর) সংবাদদাতা

চাঁদপুরের শাহরাস্তিতে গৃহবধূ রিগান আক্তার মিম হত্যা মামলার গ্রেফতার আসামির দৃষ্টান্তমূলক শাস্তি এবং ঘটনার সাথে জড়িত অন্যদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান সড়ক ঘুরে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে নিহত মিমের দুই শিশুসন্তান, পরিবারের সদস্য, স্বজন ও বিপুলসংখ্যক স্থানীয় মানুষ অংশ নেন। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার সাথে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সমাবেশে বক্তব্য দেন নিহতের বাবা মো: কবির হোসেন, চাচাতো ভাই মো: গোলাম কিবরিয়া, দাদা শ্বশুর মো: আব্দুল হক, স্থানীয় বাসিন্দা মো: ফরহাদ ও মো: জাকির হোসেনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু হত্যাকাণ্ডের সাথে আরো কয়েকজন জড়িত থাকতে পারে। তাদের অভিযোগ, ঘটনার রাতে কয়েকজনকে এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

এ সময় বক্তারা আরো অভিযোগ করেন, গ্রেফতার আসামির জামিনের জন্য একটি পক্ষ চেষ্টা করছে। তারা প্রশাসনের কাছে মামলার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১৪ জুলাই দিবাগত রাতে শাহরাস্তি পৌরসভার বাত্তলা এলাকায় গৃহবধূ রিগান আক্তার মিমকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পরে ঘটনার সাথে জড়িত নিহতের জা (দেবরের বউ) কাজী সুমাইয়া হোসেন মিনাকে গ্রেফতার করে পুলিশ। তিনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে পুলিশ জানিয়েছে। মামলার তদন্ত এখনো চলমান রয়েছে।