গোবিন্দগঞ্জে সড়কে তীব্র যানজট, ৩ কিলোমিটার পথ যেতে লাগছে ৩-৪ ঘণ্টা

তার বাস ছাড়ার নির্ধারিত সময় ছিল বেলা ১১টা ৪০ মিনিট। কিন্তু বিকেল ৩টা পর্যন্তও যানজটের কারণে বাস নির্ধারিত স্থানে পৌঁছাতে পারেনি। শনিবার তার পরীক্ষা রয়েছে।

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gobindaganj
যানজটে বাসের দীর্ঘ সারি
যানজটে বাসের দীর্ঘ সারি |নয়া দিগন্ত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঈদ-পরবর্তী সময়ে সৃষ্টি হওয়া তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। প্রতিদিন মাত্র তিন কিলোমিটার পথ অতিক্রম করতেই সময় লাগছে তিন-চার ঘণ্টা। দীর্ঘস্থায়ী এ যানজট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের পরদিন থেকে শুরু হওয়া যানজট এখনো স্বাভাবিক হয়নি। উপজেলার কাটাখালী ব্রিজ থেকে চারমাথা মোড় পর্যন্ত প্রায় চার কিলোমিটার সড়কে দিনের অধিকাংশ সময় যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এতে উত্তরবঙ্গগামী ও ঢাকাগামী হাজারো যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে।

প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়ার মধ্যে দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

যানজটের বিষয়ে হাইওয়ে পুলিশের কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, ঈদকে কেন্দ্র করে সড়কে অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

এদিকে, যানজটের কারণে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও চাকরিজীবীরাও। মেডিক্যাল কলেজের ছাত্রী সামিয়াহ জানান, তার বাস ছাড়ার নির্ধারিত সময় ছিল বেলা ১১টা ৪০ মিনিট। কিন্তু বিকেল ৩টা পর্যন্তও যানজটের কারণে বাস নির্ধারিত স্থানে পৌঁছাতে পারেনি। শনিবার তার পরীক্ষা রয়েছে। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারলে তিনি বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করেন।

শুধু সামিয়াহ নন, এমন হাজারো যাত্রী গোবিন্দগঞ্জে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন গন্তব্যে পৌঁছানোর আশায়। দ্রুত যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী যাত্রী ও স্থানীয় বাসিন্দারা।