চৌগাছায় ইসলামী ব্যাংকের ইমাম ও সুধী সমাবেশ

Location :

Chaugachha

চৌগাছা (যশোর) সংবাদদাতা
যশোরের চৌগাছায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ইমাম ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে ব্যাংকের চৌগাছা শাখা কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ব্যাংকের ব্যবস্থাপক ড. মেসবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌগাছা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম। প্রধান আলোচক ছিলেন কামিল মাদরাসা জামে মসজিদের খতিব মাওলানা আলী আকবর।

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ব্যাংকের অপারেশন ম্যানেজার আব্দুল হান্নান, চৌগাছা প্রেসক্লাবের সহসভাপতি রহিদুল ইসলাম খান, খাদ্যগুদাম মসজিদের খতিব মাওলানা আজাদ হুসাইন, মাওলানা ফকরুল ইসলাম ও মাওলানা জামাত আলী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশে সুদমুক্ত অর্থনীতির অন্যতম প্রধান প্রবক্তা। দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

প্রধান আলোচক মাওলানা আলী আকবর বলেন, বাংলাদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত না হলে সুদমুক্ত লেনদেন করা কঠিন হতো। ইসলামী ব্যাংক সর্বাধিক রেমিট্যান্স সংগ্রহের মাধ্যমে দেশের অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সভাপতির বক্তব্যে ড. মেসবাহ উদ্দিন বলেন, ইসলামী ব্যাংকের চৌগাছা শাখা উপজেলার অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন খাতে ব্যাংকটি কোটি কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখছে।