বান্দরবানে বন্যাদুর্গতদের পুনর্বাসনের আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী অমিত

প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোও সরকারি উদ্যোগে সংস্কার করে দেয়া হবে।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
নয়া দিগন্ত

বান্দরবানের বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি উদ্যোগে পুনর্বাসন এবং ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামতের আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার সকালে বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারি উদ্যোগে পুনর্বাসন করা হবে। যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোও সরকারি উদ্যোগে সংস্কার করে দেয়া হবে।

তিনি আরো জানান, ভবিষ্যতে বন্যা ও জলাবদ্ধতা রোধে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করছে।

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী বান্দরবান শহরের বালাঘাটা এলাকার আমবাগানে গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।

এ সময় বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন, বান্দরবানের জেলা প্রশাসক মো: সানিউল ফেরদৌস, পুলিশ সুপার মো: ওহাবুল ইসলাম খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বন্যা-পরবর্তী পরিস্থিতি নিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন।