নোয়াখালী অফিস
নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করেছে
পুলিশ।
গত শুক্রবার রাতে জেলা শহর মাইজদীর পৌরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার দুপুরে তাদের নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, মাইজদী শহরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি কিশোর গ্যাং
সক্রিয় রয়েছে। কয়েক দিন আগে জেলা শহরে একটি কিশোর গ্যাং প্রকাশ্যে বড় ধরনের শোডাউন
করে। এসব গ্যাংয়ের সদস্যরা নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় ব্যবসায়ী, পথচারী ও
সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়। এমন পরিস্থিতিতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে
১৮ জনকে আটক করে পুলিশ।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, কেপিজি
নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের ১৮ সদস্যকে আটক করে থানায় আনা হয়েছে। তাদের
বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।



