নদীভাঙনে মাঠ ক্ষতিগ্রস্ত

কাঁঠালিয়ায় স্কুল ও মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘নদীভাঙনের কারণে বিদ্যালয়ের খেলার মাঠের একটি বড় অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাঠ না থাকায় তারা খেলাধুলা করতে পারছে না। একই সাথে বিদ্যালয়ের ভবনও ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় বিদ্যালয়ের ভবনটিও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।’

Location :

Jhalokati
শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা মানববন্ধন করেন
শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকরা মানববন্ধন করেন |নয়া দিগন্ত

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠের একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বিদ্যালয়ের মাঠ ও ভবন রক্ষার দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ স্থানীয়রা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত মাঠ ও সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন কাঁঠালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বাঁশবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মো: আখতার হোসেন নিজাম মীরবরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে মো: আখতার হোসেন নিজাম মীরবহর বলেন, ‘মাননীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল যখন এখানে এসেছিলেন, তখন তিনি বিদ্যালয় মাঠের বর্তমান পরিস্থিতি দেখেছেন। তিনি মাঠটি কীভাবে রক্ষা করা যায় এবং প্রয়োজনে কীভাবে মাঠের পরিধি বাড়ানো যায়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।’

বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘নদীভাঙনের কারণে বিদ্যালয়ের খেলার মাঠের একটি বড় অংশ ইতোমধ্যে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মাঠ না থাকায় তারা খেলাধুলা করতে পারছে না। একই সাথে বিদ্যালয়ের ভবনও ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে যেকোনো সময় বিদ্যালয়ের ভবনটিও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।’

শিক্ষার্থীরা আরো বলেন, ‘আমাদের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের কাছে আমাদের বিনীত আবেদন, অনতিবিলম্বে নদীভাঙন থেকে আমাদের বিদ্যালয়ের মাঠ ও ভবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা মাঠ হারিয়ে খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছি। তাই দ্রুত আমাদের বিদ্যালয়ের মাঠটি রক্ষা করার ব্যবস্থা করা প্রয়োজন।’

বক্তারা দ্রুত নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিদ্যালয়ের খেলার মাঠ পুনরুদ্ধার ও সংরক্ষণ এবং ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবন রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।