চট্টগ্রামের চন্দনাইশে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার বাদামতলা এলাকায় একটি মাজারের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন তোফায়েল মোর্শালিন (২২) ও আবদুল গফুর (৫৫)। আহতরা হলেন অটোরিকশাচালক সাইমুন হোসেন (২০), সানজিদা আক্তার সুমাইয়া (২১) ও মো. আরিফ (৪০)। হতাহতদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দোহাজারী হাইওয়ে থানার এসআই আবদুস সাত্তার জানান, বাদামতলা এলাকায় কক্সবাজারগামী ‘তিশা প্লাটিনা’ এসি বাস ও পটিয়াগামী একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। আহত চারজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা যান। পরে আহত অন্য তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দোহাজারী হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মো. সালাউদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



