গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সালমান শেখ (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেলে থাকা আরো এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে মুকসুদপুর বরইতলা সড়কের বনগ্রাম মুন্সী বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমান শেখ মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের শহিদ শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সালমান শেখ তার বন্ধুকে নিয়ে বনগ্রাম বাজার থেকে লোহাইড় গ্রামে মোটরসাইকেল করে যাচ্ছিলেন। পথে বনগ্রাম মুন্সী বাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লোকাল যাত্রীবাহী বাসের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সালমান শেখ নিহত হন এবং আরো এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় সালমান শেখ নিহত হয়েছেন এবং সাথে থাকা আরো এক আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



