সালথা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের সালথায় জমি নিয়ে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় মো: আমিন খন্দকার (৪৫) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষকলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা মোন্তারমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আমিন খন্দকার উপজেলার সোনাপুর ইউনিয়নের চান্দাখোলা গ্রামের বাসিন্দা। তিনি উপজেলা আওয়ামী কৃষকলীগের সাধারন সম্পাদক।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ‘আজ সকালে অভিযান চালিয়ে কৃষকলীগ নেতা আমিন খন্দকারকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় করা মামলার তিনি আসামি ছিলেন। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।’
উল্লেখ্য, জমিজমা নিয়ে দীর্ঘদিন বড় বাংরাইল এলাকার মনির বিশ্বাসের সাথে মিশরুর বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি ও পাল্টাপাল্টি হামলা করা হয়। এ সময় বেশ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ।
এ সময় উভয়পক্ষের অন্তত আটটি বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট করা হয়। এতে অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ছয়জনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।



