মদনে ছাত্রদল নেতার আঘাতে ২ পুলিশ সদস্য আহত

যাত্রীদের সাথে বাস কাউন্টারে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক আঘাত করে দুই পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Location :

Netrokona
অভিযুক্ত মিঠু মিয়া
অভিযুক্ত মিঠু মিয়া |নয়া দিগন্ত

মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোণার মদনে মিঠু মিয়া নামে এক ছাত্রদল নেতার আঘাতে পুলিশের দুই কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় পৌর সদরের সরকারি কলেজ মোড় এলাকায় ঘটনা ঘটে।

আহত ফরিদুল ইসলাম ও আতাউর রহমান মদন থানায় কনস্টেবল পদে কর্মরত রয়েছে।

অভিযুক্ত মিঠু মিয়া মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ও মদন পৌরসদরে ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের চরম দূর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে যাত্রীদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা যাচাই ও সমস্যার সমাধানের উদ্যোগ নেন প্রশাসনের কর্মকর্তারা। এ সময় ছাত্রদল নেতা মিঠু মিয়া ঘটনাস্থলে উপস্থিত হন। একপর্যায়ে তাকে সরে যেতে বললে পুলিশের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে হাতাহাতির ঘটনা ঘটে। এতে দুই পুলিশ সদস্য আহত হন বলে জানিয়েছে পুলিশ। আহত দুই পুলিশ সদস্যকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

এ ব্যাপারে মদন উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল জানান, শুনেছি একটি ঝামেলার কারণে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মিঠুকে আটক করেছে পুলিশ। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, যাত্রীদের সাথে বাস কাউন্টারে ঝামেলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় মিঠু নামের এক যুবক আঘাত করে দুই পুলিশ সদস্যকে আহত করে। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম বলেন, ‘কলেজ মোড় এলাকায় যাত্রীদের হয়রানির খবর পেয়ে ঘটনাস্থলে যাই। আমি উপস্থিত থেকে শ্রমিক সংগঠনের নেতাদের সাথে কথা বলে অধিকাংশ যাত্রীর গাড়ির ব্যবস্থা করেছি। এ সময় পুলিশর সাথে স্থানীয় এক যুবকের হাতাহাতির ঘটনা ঘটেছে। সে বিষয়ে পুলিশ ব্যবস্থা নিবেন।’