বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা জেলা (উত্তর) শাখার আয়োজনে চলতি বছরে ২০২৬ সালের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সাভারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৫১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়।
ঢাকা জেলা (উত্তর) ছাত্রশিবিরের সভাপতি আলমগীর হোসেন রাকিবের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) জিএস এস এম ফরহাদ।
প্রধান অতিথি এস এম ফরহাদ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় আত্ননিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা: জুলফিকার আলী।
বিশেষ বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ঢাকা জেলা উত্তরের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে আলমগীর হোসেন রাকিব বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরো ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে অভিভাবকরাও উপস্থিত ছিলেন।



